লক্ষ্মীপুরে ফেইসবুক লাইভের মাধ্যমে ডাকাতির হাত থেকে রক্ষা পেলেন এক ব্যবসায়ী। রাতের বেলা ডাকাত দলের উপস্থিতি এবং গুলির আওয়াজ শুনে বাড়ির ছাদে উঠে ফেইসবুক লাইভে এসে সাহায্য প্রার্থনা করেন মো. শাহাদাত সৌরভ নামে ওই ব্যবসায়ী। পরে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। গত সোমবার রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জের চর উভূতি গ্রামের তোফায়েল হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী শাহাদাত জানান, সোমবার রাতে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ঘরের দরজায় ডাকাত দলের বিকট শব্দে একটি ফাঁকা গুলির আওয়াজ শুনতে পান তিনি। ডাকাতির প্রস্তুতি বুঝতে পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের লাইভে এসে লোকজনকে সাহায্যের আকুতি জানালে এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। এ সময় মানুষের চিৎকার শুনে ডাকাত দল পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি আমি মৌখিক শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা হলে ৯৯৯সহ সদর থানায় ফোন করলে পুলিশ তাৎক্ষণিক সহায়তা করবে।’