পঞ্চদশ আইপিএল শুরু হওয়ার আগে কেউ কি ভাবতে পেরেছিল, উমরান মালিককে ভারত জাতীয় ক্রিকেট দলে দেখা যাবে? অন্য কেউ না পারলেও রত্ন চিনতে ভুল করেননি ডেল স্টেইন।
অক্ষরে অক্ষরে ফলে গেছে উমরানকে নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার যে খাঁটি জহুরি! কাশ্মীরি গতি তারকার প্রতিভা চিনতে ভুল করেননি তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের আসন্ন সিরিজের জন্য প্রথমবারের মতো ভারত দলে ডাক পেয়েছেন উমরান। এই সিরিজ শুরু হবে ৯ জুন থেকে। স্কোয়াডে নিজের নাম দেখে আনন্দিত ২২ বছর বয়সী তারকা।
উমরান জানিয়েছেন, ২০২২ আইপিএল শুরু হওয়ার আগে স্টেইন বলেছিলেন, তিনি ভারত দলে ডাক পাবেন। প্রোটিয়া তারকার ভবিষ্যদ্বাণী বৃথা যায়নি। তার প্রমাণ তো ইতোমধ্যে পেয়ে গেছেন।
পঞ্চদশ আইপিএলের অন্যতম ‘আবিষ্কার’ বলা যায় উমরানকে। ২২ গজে গতির ঝড় তোলে ব্যাটারদের পায়ে কাঁপুনি ধরিয়েছিলেন। এবারের মৌসুমে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১৪ ম্যাচে নেন ২২ উইকেট।
সানরাইজার্সের কোচিং স্টাফে ছিলেন স্টেইন। উমরানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। আইপিএল শুরুর আগে দলে এই পেসারকে দেখে ভবিষ্যদ্বাণী করেন প্রোটিয়া তারকা।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক ভিডিও আপলোড করেছে। সেখানেই স্টেইনের ভবিষ্যদ্বাণী সম্পর্কে উমরান বলেন, ‘যখন আমি ডাক পেলাম, ডেল স্যারও সানরাইজার্সের টিম বাসে ছিলেন। সবাই আমাকে অভিনন্দন জানাল। তবে তিনি বললেন, আমি আইপিএলের আগেই তোমাকে বলেছিলাম তুমি ভারত দলের জন্য নির্বাচিত হবে।’
আইপিএলে সুযোগ পেয়েই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এবার জাতীয় দলের জার্সিতেও সেরাটা দিতে পারবেন তো উমরান?