‘বিক্ষোভ’ নিয়ে লন্ডন থেকে শ্রাবন্তী
কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় তিনি। শাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আজ সারা দেশে মুক্তি পেয়েছে। তবে এতদিন এ ছবির প্রচারণায় একেবারেই দেখা যায়নি শ্রাবন্তীকে। অবশেষে সরব হলেন তিনি। গতকাল সকালে ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, ‘লন্ডন থেকে আমি আমার বাংলাদেশের ভালোবাসার মানুষের সাথে কথা বলছি। অনেক দিন পর বাংলাদেশে আমার সিনেমা রিলিজ হচ্ছে। এজন্য আমি অনেক এক্সাইটেড। ইচ্ছে ছিল সিনেমাটি রিলিজের সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শ্যুটিংয়ের জন্য লন্ডনে অবস্থান করায় সেটা হয়নি। সিনেমাটি সবার ভালো লাগবে। কারণ, সিনেমার গল্প সড়ক দুর্ঘটনা নিয়ে। এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। আশা করি সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’ অন্য একটি সিনেমার জন্য শিগগিরই বাংলাদেশে আসবেন বলেও জানান শ্রাবন্তী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং শান্ত খান। সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, ‘সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, সাবেরী আলম প্রমুখ।
‘এম আর নাইন’-এ আপত্তি!
হলিউড ও ঢালিউডের যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এম আর নাইন’ সিনেমা তৈরি হচ্ছে। গত ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে ছবিটির শ্যুটিং। চলতি মাসের শেষের দিকে ছবিটির বাংলাদেশ অংশের শ্যুটিং হওয়ার কথা আছে। তার আগে চিত্রনাট্য সংশোধন করতে বলল যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। এর অন্যতম সদস্য নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, “গল্পের এক জায়গায় ‘টিএলএফ’ নামে একটি জঙ্গিগোষ্ঠী কাপ্তাই বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এখানে কাপ্তাই বাঁধের নাম পরিবর্তন এবং জঙ্গিগোষ্ঠীর নাম না রাখার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া কিছু সন্ত্রাসী কার্যকলাপের সংলাপ কেটে দিতে সিদ্ধান্ত হয়েছে। গল্পে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।’ তবে চিত্রনাট্য সংশোধন করে কাজ করতে রাজি নন প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, ‘গল্পে কাপ্তাই বাঁধ আছে, সেটা পরিবর্তন করলে তো গল্প থাকল না।’ তিনি আরও বলেন, ‘এটি একটি জনপ্রিয় গল্প। গল্প পরিবর্তন করে ফেললে ‘মাসুদ রানা’ তো আর থাকল না। মাসুদ রানার গল্প পড়ে আমার নিজেরও বেড়ে ওঠা। এই গল্প ঘিরে অনেকের আবেগ কাজ করে। সুতরাং পরিবর্তন করে কাজ করতে চাই না।’ সংশোধনী করে কাজ না করলে তো কাজের অনুমতিও মিলবে না। তাহলে? এ ব্যাপারে ছবির প্রযোজক বলেন, ‘এখন তো হলিউডের অংশের কাজ চলছে যুক্তরাষ্ট্রে। প্রয়োজন হলে ওখানেই ছবির কাজ শেষ করে ফেলব। পরবর্তী সময়ে আমদানি-রপ্তানি নীতিমালায় এ দেশে ছবিটি আনতে পারলে এখানে মুক্তি দেব।’
যমুনা ব্লকবাস্টারে ‘জুরাসিক ওয়ার্ল্ড’
‘জুরাসিক পার্ক’ যেন অন্যরকম এক নস্টালজিয়ার নাম। ১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের এ ছবিটি। প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই। তারপর কেটে গেছে তিন দশক। একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা। আর এবার আসছে ষষ্ঠ ছবি, ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডোমিনিয়ন’। কলিন ট্রেভরো পরিচালিত এ সিনেমা আজ মুক্তি পাচ্ছে। ঢাকার দর্শকও ছবিটি বড়পর্দায় উপভোগ করতে পারবেন। যমুনা ব্লকবাস্টারে ছবিটি আজ মুক্তি পাচ্ছে। ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন’-এ রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মতো সব দৃশ্য। ভয় ধরায় আকাশে ডাইনোসরের আক্রমণ বা বাইকের পেছনে ডাইনোসরের তাড়া করার দৃশ্য। জলের নিচে লুকিয়ে থাকা আর ঠিক তার ওপরেই ডাইনোসরের চিৎকার শিরদাঁড়া দিয়ে ঠা-া স্রোত বইয়ে দেয়। মহাকাব্যিক এই উপসংহারের ট্রেলার মুক্তির পর রীতিমতো ঘুম হারাম সিনেপ্রেমীদের। এক সাক্ষাৎকারে পরিচালক কলিন ট্রেভোরো বলেছেন, ‘প্রজন্মগত দৃষ্টিকোণ থেকে এই সিনেমাটি গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যে, চরিত্রগুলোকে এমন পরিস্থিতিতে ফেলতে সক্ষম হয়েছেন যেখানে তাদের আবার কেবল একসঙ্গে বেঁচে থাকতে হবে না, তবে নিশ্চিত করুন যেন আমরা সবাই ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে না যাই। ট্রেলার মুক্তির পর যে পরিমাণ উৎসাহ দেখা যাচ্ছে দর্শকদের তাতে ধারণা করা হচ্ছে, আগের ছবিগুলোর মতো এ ছবিও বক্স অফিস মাতাবে।’ নতুন সিনেমায় অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন এবং জেফ গোল্ডব্লাম প্রমুখ। পুরনো জুরাসিক পার্কের অনেক চরিত্রই নস্টালজিয়া সঙ্গে নিয়ে ফিরেছে এই শেষ অধ্যায়ে।