টাঙ্গাইলে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাংকে ডাকাতিকালে কর্মকর্তা খুনের অভিযোগে একজনের ফাঁসি ও দুজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ডাদেশ। কক্সবাজারে মাদক পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। বগুড়ায় ধর্ষণের দায়ে একজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। প্রতিনিধিদের পাঠানো খবর :
টাঙ্গাইল : স্কুলছাত্রী অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় তিন তরুণকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)।
২০২১ সালের ৩ আগস্ট সকালে ভূঞাপুর উপজেলার বীরবরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ।
গোপালগঞ্জ : কাশিয়ানীতে কৃষি ব্যাংকে ডাকাতিকালে ব্যাংক কর্মকর্তা খুনের অভিযোগে একজনের ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে বিচারিক আদালত। গতকাল দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। এ সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত সমীরণ দাস (পলাতক) ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিল।
২০০৫ সালের ১০ এপ্রিল গভীর রাতে ব্যাংকে ডাকাতি করার সময় গুলি করে ও কুপিয়ে খুন করা হয় সেকেন্ড অফিসার আয়ুব হোসেনকে।
কক্সবাজার : ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ আরিফ ওরফে মৌলবী আরিফ (৩৬) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। গতকাল দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মৌলবী আরিফ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পন্ড২-এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আবদুল মোনাফের ছেলে।
বগুড়া : ধর্ষণের দায়ে দুলু প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ওই রায় ঘোষণা করেন। দুলু প্রামাণিক পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই ওই রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। দুলু বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ধুনটের আনারপুর এলাকায় ধর্ষণের ওই ঘটনা ঘটে।