নাটোরে পৃথক অভিযান চালিয়ে ৫ কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে নাটোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাবুল হোসেন (২৮), গোলাম রব্বানী সাব্বির (২৪), সোহেল রানা (১৮), ইমন হোসেন (২০), মোতালেব হোসেন (২১), মো. শাকিল হোসেন (১৭), রকিবুল হাসান (২৪) ও মেহেদী হাসান (২১)-কে গ্রেপ্তার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দত্তপাড়া ফতেঙ্গাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ বাবুল হোসেন (২৮) ও গোলাম রব্বানী সাব্বির (২৪) নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
অপরদিকে পাবনার চাটমোহর উপজেলার জাগতলা কাজীপাড়া এলাকা থেকে বাগাতিপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়।
গুরুদাসপুর উপজেলার কাছিকাটা রোড আক্কাসের মোড় এলাকায় হাছিনুর রহমান (৩০) ও আক্কাস আলী নামে মুদি দোকানিসহ দুজনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম ও আহত করার সময় সোহেল রানা (১৮), ইমন হোসেন (২০), মোতালেব হোসেন (২১), মো. শাকিল হোসেন (১৭) ও রকিবুল হাসান (২৪) নামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় দুটি মোটরসাইকেল এবং ক্ষুর ও চাকুসহ ইয়াবা জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।