বেলকুচিতে দোকানে ঢুকে যুবলীগ কর্মীর উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলায় গুরুতর আহত হয়েছেন যুবলীগ কর্মী নাবিন মন্ডল (৩০)। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ কর্মী উপজেলার চালা গ্রামের দৌলত মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে যুবলীগ কর্মী নাবিন মন্ডল তার কনফেকশনারি দোকানে ছিলেন। হঠাৎ বেলকুচি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য ও মন্ডল গ্রুপের জি এম আমিরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন মুন্নার নেতৃত্বে গাড়ামাসী গ্রামের একদল লোক ধারালো দা, ছুরি, লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার দোকানের ভেতরে গিয়ে যুবলীগ কর্মীর উপর হামলা চালায়।

দোকান থেকে ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাবিন মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত যুবলীগ কর্মী নাবিন মন্ডল জানান, সন্ধ্যা থেকে আমি দোকানে বসে দোকানদারি করছি। রাত ৮টার দিকে থানা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য আমিরুল ইসলাম ও শাহাদৎ হোসেন মুন্নাসহ ২০/২৫ জন এসে আমার দোকানের ভেতর ঢুকে আমাকে হত্যা করার উদ্দেশে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় এবং আমার দোকানের ক্যাশের ভেতর থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।