ফুলগাজীতে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

ফেনীর ফুলগাজীর পশ্চিম বসন্তপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দরবার পুর ইউনিয়ন পরিষদের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলরামের নেতৃত্বে কুপিয়ে এক গৃহবধূসহ তিনজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গুরুতর আহত গৃহবধূ ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত রীনা রানী ও তার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আসামি দিলীপ শীল, শিমুল শীল স্থানীয় ইউপি সদস্য বলরামকে সাথে নিয়ে অনিল শর্মার ঘরের সামনে দিয়ে ইট বিছিয়ে তার গাড়ি চলাচলের রাস্তা তৈরি করতে চেষ্টা চালায়।

এ সময় অনিল শর্মা এর বিরোধিতা করলে একপর্যায়ে হট্টগোল শুরু হয়। অনিল শর্মার ছেলে ফেনী পলিটেকনিক কলেজের ছাত্র ঘুম থেকে জেগে উঠে ঘটনার স্থলে পৌঁছালে শিমুল শীল, বলরাম গোপ ও দিলিপ শিল পূর্ব পরিকল্পনা অনুসারে তাদেরকে পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে রিনা রানী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এসময় বলরামের নির্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাকে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে এরপর ফুলগাজী উপজেলা হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে অনিল ও সঞ্জয়কে ছেড়ে দিলেও রিনাকে ফেনী সদর হাসপাতালে রেফার করা হয়। রিনা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ বিষয় দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন মজুমদারকে বলেন, বলরামের বিরুদ্ধে প্রতিদিন বহু অভিযোগ আসছে। দলের শৃঙ্খলা না মানলে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার তদন্ত করে সাংঘটনিক ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন।

ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন জানান, অভিযোগ তদন্ত করে দ্রত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।