ভোলা আ.লীগ সভাপতি মজনু সম্পাদক বিপ্লব

ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভোলা জেলা স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে উপস্থিত ডেলিগেট ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন ফজলুল কাদের মজনু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল হোসেন বিপ্লব। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবদুল মমিন টুলুকে। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

এদিন সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দ্বিতীয় অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।