এম২ আর ম্যাগসেইফ নিয়ে আসছে ম্যাকবুক এয়ার

অ্যাপল সাধারণত ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) হার্ডওয়্যারের ওপর বেশি গুরুত্ব দেয় না। তবে, এবারের ডব্লিউডব্লিউডিসি অনেকটাই ব্যতিক্রম বলা চলে। এম২ চিপবাহী নতুন নকশার ম্যাকবুক এয়ারের উন্মোচনে চাপা পড়ে গেছে বাকি সব সফটওয়্যারকেন্দ্রিক ঘোষণা। ম্যাকবুক এয়ারের ২০২২ সালের সংস্করণের নকশা করা হয়েছে নতুন এম২ চিপ ঘিরে। প্রযুক্তিসাইট ভার্জ বলছে, বাহ্যিক নকশার বিচারে ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো’র সঙ্গে নতুন ম্যাকবুক এয়ারের মিল রয়েছে বেশি। পুরনো সংস্করণগুলোর ‘ওয়েজ শেপের’ বদলে অ্যাপল এবার ম্যাকবুক প্রোর মতো চার কোণের ম্যাকবুক এয়ার বানিয়েছে। ম্যাগসেইফ চার্জিং সুবিধা আছে নতুন ম্যাকবুক এয়ারে। আরও আছে দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং হেডফোন জ্যাক। ১১ মিলিমিটার পুরু নতুন ম্যাকবুক এয়ারের ওজন মাত্র ২.৭ পাউন্ড বা প্রায় এক কেজি ২২৫ গ্রাম। সিলভার, স্পেস গ্রে, স্টারলাইট গোল্ড এবং মিডনাইট ব্লু এই চারটি রঙে বাজারে কিনতে পাওয়া যাবে ডিভাইসটি। আর ম্যাগসেইফ কেবলগুলো পাওয়া যাবে ল্যাপটপের রঙের সঙ্গে মিলিয়ে। জুলাই মাস থেকে বাজারে কিনতে পাওয়া যাবে নতুন ম্যাকবুক এয়ার, দাম শুরু হবে এক হাজার ১৯৯ ডলার থেকে। ম্যাকবুক এয়ার ২০২২-এর সবচেয়ে কম খরচের সংস্করণটিতে থাকবে এম২ চিপ, আট কোরের জিপিইউ, আট গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ।  আরও শক্তিশালী ম্যাকবুক এয়ার চাইলে ডিভাইসটির এক হাজার ৪৯৯ ডলার সংস্করণটি কিনতে পারেন আগ্রহী ক্রেতা। সংস্করণটিতে থাকবে ১০ কোরের জিপিইউ, আট গিগাবাইট র‌্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ।  নতুন ম্যাকবুক এয়ারে আছে ২৫৬০ বাই ১৬৬৪ পিক্সেলের ১৩.৬ ইঞ্চির স্ক্রিন। শব্দহীন রাখার জন্য কোনো ফ্যান নেই ডিভাইসটিতে। অ্যাপল বলছে, আগের সংস্করণের তুলনায় ৪০ শতাংশ দ্রুতগতির হবে নতুন ম্যাকবুক এয়ার। উল্লেখযোগ্য অন্যান্য ফিচারের মধ্যে নতুন ম্যাকবুক এয়ারে যোগ হয়েছে ১০৮০ পিক্সেলের ‘ফেইসটাইম এইচডি ওয়েবক্যাম’। এ ছাড়াও ডলবি অ্যাটমস মান সমর্থন করবে ডিভাইসটির মাইক ও স্পিকার। আগের সংস্করণের মতো নতুনটির কিবোর্ডেও ‘টাচ আইডি’ সেন্সর রেখেছে অ্যাপল। অ্যাপল নতুন ম্যাকবুক এয়ারের এক হাজার ১৯৯ ডলার দামের মডেলটি বাজারজাত করবে ৩০ ওয়াটের চার্জারের সঙ্গে। ক্রেতা চাইলে বাড়তি ৫৯ ডলার খরচ করে ৬৭ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার কিনে নিতে পারবেন যা ল্যাপটপটিকে ২০ মিনিটে ৮০ শতাংশ চার্জ করবে।