প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে অনশন করছেন শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা। ‘প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’ ব্যানারে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সপ্তম দিনের মতো অনশন করেন তারা।
নিবন্ধনধারীরা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগের জন্য প্রত্যেক নিবন্ধনধারীর কাছ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করেছেন। এতে তারা বেকার নিবন্ধনধারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। যোগ্য শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশের পরিবর্তে এনটিআরসিএ অর্থসংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাচ্ছে। তাই আমরা প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানাই। এর ফলে উত্তীর্ণ প্রার্থীদের সবাই পর্যায়ক্রমে নিয়োগ পাবেন।
তারা আরও বলেন, আগের নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের কোনো সুরাহা না করে, ২০১৫ সালে গেজেট অনুযায়ী এককভাবে নিয়োগ সুপারিশের উদ্দেশ্যে ১৩তম পরীক্ষা নেয় এনটিআরসিএ। এক চাকরির জন্য একই কর্তৃপক্ষের অধীনে হাজার হাজার আবেদন করতে হয়, এমন নজির পৃথিবীর কোথাও নেই।
সংগঠনের সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক জিম এম ইয়াছিন, সদস্য কাকলী পারভীন, সিরাজুল ইসলাম, জাফর আহমেদ, রাইহান কবির রনোসহ শতাধিক নিবন্ধনধারী কর্মসূচিতে অংশ নেন।