এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। ২৯ হাজার ৫৯১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০ কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবে।
আজ রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা মন্ত্রী জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের পরীক্ষায়ও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। ছেলেদের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং মেয়েদের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।
দীপু মনি বলেন, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট শিক্ষার্থী নতুন কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। এবার মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬ টি। ভোটকেন্দ্রে বেড়েছে ১১১ টি। এবার গত বছরের তুলনায় বিজ্ঞানের শিক্ষার্থী বেড়েছে ১৪০৫ জন। বিদেশের 8 টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩৬৭ জন।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ পরীক্ষা ২০ মিনিটে ও তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা ৪০ মিনিটে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষকদের অনৈতিক কোচিং বন্ধ করা হবে। যারা শিক্ষার্থীদের প্রাইভেট কোচিং করাতে বাধ্য করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুমোদনহীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে আলাপ আলোচনা চলছে।
দীপু মনি নতুন এমপিওভুক্ত ঘোষণার ব্যাপারে বলেন, শিগগিরই এমপিওভুক্তির ঘোষণা করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, শিক্ষা আইন চূড়ান্ত করার কাজ চলছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে আমাদের কাজ শেষ করে এই আইনের খসড়া কেমনে তে পাঠাতে পারব বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।