সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন উইলিয়ান। বিষয়টি তিনি জানান সাও পাওলো কর্তৃপক্ষকে। তার অভিযোগে করিন্থিয়ান্সের এক সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউরোপের পাঠ চুকিয়ে গত বছর ব্রাজিলের ফুটবলে ফেরেন উইলিয়ান। ফের যোগ দেন করিন্থিয়ান্সে। এই ক্লাবের হয়ে তারকা হয়ে ওঠেছিলেন তিনি। ক্যারিয়ারের সেরা সময়ে খেলেছেন চেলসিতে। পরে যোগ দেন আর্সেনালে।
তবে এমিরেটসে বেশিদিন স্থায়ী হননি তিনি। ফেরেন করিন্থিয়ান্সে। কিন্তু ব্রাজিল জাতীয় দলের হয়ে এক সময়ের নিয়মিত উইঙ্গার নেই চেনা রূপে। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে দ্বিতীয় মেয়াদে যোগ দিয়ে ২৫ ম্যাচে মাত্র এক গোল পেয়েছেন, করেছেন তিন অ্যাসিস্ট।
সাবেক তারকার এমন ফর্ম দেখে হতাশ করিন্থিয়ান্স সমর্থকরা। তার জন্য ৩৩ বছর বয়সী উইঙ্গারকে হুমকি দেন একজন। হুমকির গুরুত্ব বোঝাতে উইলিয়ানক মেসেজে বুলেট ও ছুরির ছবিও পাঠানো হয়। আর মেসেজে লেখা, ‘হয় ভালোবাসার জন্য খেলো, নয়তো প্রাণের ভয়ে’।
ব্যাপারটি হালকাভাবে না নিয়ে ব্রাজিলিয়ান তারকা অবহিত করেন পুলিশকে। তার স্ত্রী ও দুই কন্যাও হুমকির মুখে জানান তিনি। পুলিশও দ্রুত তদন্তের ব্যবস্থা নেয়। এই অভিযোগে ২১ বছর বয়সী এক করিন্থিয়ান্স সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।