নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঝালকাঠির নলছিটি, শেরপুরের নকলা ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র ও নারীসহ চারজনের ভাসমান ও ঝুলন্ত লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নারায়ণগঞ্জ : ফতুল্লায় আনুমানিক ২৫ বছর বয়সী তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে কোমরের পেছনের অংশে ছুরিকাঘাত ও কোপানো হয় বলে জানিয়েছে পুলিশ। গত রবিবার দিনগত রাত দেড়টায় ফতুল্লার তক্কারমাঠ শেহাচর এলাকার একটি নিটওয়্যার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
অপরদিকে, আড়াইহাজারে নিজ ঘর থেকে নুর জাহান বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দয়াকান্দা গ্রামের পূর্বপাড়ায় ওই লাশ উদ্ধার করা হয়। নুর জাহান বেগম একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। নুর জাহান বেগমের স্বজনদের দাবি, পরকীয়ায় আসক্ত স্বামী রফিক তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
ঝালকাঠি : নলছিটিতে হাত-পা বাঁধা অবস্থায় পঙ্কজ চন্দ্র শীল (৩৫) নামে এক নরসুন্দরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নকলা (শেরপুর) : নকলার উরফা ইউনিয়নে আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ইউনিয়নের ব্যাংগা বিলের পাশে একটি গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ঠাকুরগাঁও : রানীশংকৈলে মেহেদী হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দিনগত রাত সাড়ে ১২টায় শোয়ার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মেহেদী শহরের কেন্দ্রীয় হাইস্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী এবং রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে।