ঝুঁকি নেওয়ার জন্য সাহস লাগে। অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড সেই সাহসই দেখালেন। অধিনায়ক-গোলরক্ষক ম্যাথিউ রায়ানের পরিবর্তে যখন টাইব্রেকারের জন্য অ্যান্ড্রু রেডমাইনকে নামালেন— কে ভেবেছিল এই ৩৩ বছর গোলরক্ষকই সকারুদের বিশ্বকাপের টিকিট এনে দেবেন!
আর্নল্ড ঝুঁকি নিলেও শেষ পর্যন্ত তা কাজে লেগেছে। ৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আন্তঃমহাদেশীয় প্লে-অফে পেরুকে পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।
তৃতীয় দল হিসেবে এশিয়ান বাছাইপর্ব শেষ করে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে তারা আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের ফাইনালে উঠে। যেখানে তারা পায় লাতিনের দেশ পেরুকে। আর রেডমাইনের নৈপুণ্যে মূলমঞ্চের টিকিটও পেয়ে গেল সকারুরা।
এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর থেকে প্রতিটি বাছাইপর্ব পেরিয়েছে ওশেনিয়ার দেশটি। কাতারে আর্নল্ডের দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়া।
২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক রেডমাইনের। শেষ ম্যাচ খেলেছেন নেপালের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে এমন এক অনভিজ্ঞ গোলরক্ষকের হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্ব তোলে দেওয়া বড় ঝুঁকি তো বটেই। কিন্তু সিডনি এফসির তারকার প্রতি বিশ্বাস ছিল অস্ট্রেলিয়ার কোচের।
রেডমাইনের মানসিকতা সম্পর্কে জানতেন আর্নল্ড। ম্যাচ শেষে তার মুখে এই গোলরক্ষকের প্রশংসা, ‘সে খুবই ভালো পেনাল্টি সেভ করে। আমি এমন কিছু করতে চেয়েছি যা তাদের মানসিকতায় প্রভাব ফেলে’।
সকারুদের কোচের টোটকা কাজে লেগেছে। প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য প্রতি কিকের আগে গোলপোস্টের নিচে নাচের জন্য ‘খ্যাতি’ আছে রেডমাইনের। পেরুভিয়ানরাও তার এই কৌশলে বিভ্রান্ত হয়েছেন। তবে প্রথম স্পট-কিক মিস করে বসেন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। আর পেরুর লুইস আদভিনকুলার শটটি লাগে পোস্টে। আর অ্যালেক্স ভালেরার শেষ পেনাল্টি রুখে দিয়ে রাতারাতি নায়ক বনে গেলেন রেডমাইন।
তার আগে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটিতে নির্ধারিত সময় পর্যন্ত কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচের ফল ফয়সালা হয় টাইব্রেকারে।
৩০ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে দলকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েও নিজেকে নায়ক বলতে রাজি নন রেডমাইন। পা মাটিতেই রাখছেন তিনি। সামনে যে আরও বড় লড়াইয়ের অপেক্ষা, ‘আমি নায়ক নই, আজ রাতে সবই যে ভূমিকা রেখেছে আমি সেই ভূমিকা রেখেছি।’
একই স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কোস্টারিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল।