জাবির উন্নয়ন প্রকল্প

একাডেমিক ভবন নির্মাণের দাবি ছাত্র-শিক্ষকদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি। এ সময় তিনি বলেন, ‘অংশীজনদের মতামতকে প্রাধান্য না দিয়ে প্রশাসন আগের মতো ছলচাতুরী ও স্বেচ্ছাচারী আচরণ বহাল রেখেছে। মাস্টারপ্ল্যান পর্যালোচনার দাবি মানার কথা থাকলেও তা করা হয়নি।’

সংবাদ সম্মেলনে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান করার ক্ষেত্রে কোনো শর্ত মানা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে হলে সাংস্কৃতিক এবং একাডেমিক পরিবেশ বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব তাড়াহুড়ো করে প্রকল্প পাস করে ফেলেছে। পরিকল্পনাবিদদের মতামত নিয়ে এটি পুনর্বিবেচনা করা যেত।’

এ সময় অন্যদের মধ্যে ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীনসহ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও চলচ্চিত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।