আইনের সঠিক প্রয়োগ হতে হবে : সাক্কু

লোক দেখানোর জন্য আইন প্রয়োগ করলে ভোট সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে আইন প্রয়োগ করে তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে। আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে।’

নির্বাচনের আগের দিন গতকাল মঙ্গলবার রাতে বর্তমান মেয়র সাক্কু দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমি নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি। ইভিএম নিয়ে তাদের মধ্যে তেমন ভয় না থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কিনা সেই ভয়টা কাজ করছে তাদের মধ্যে।’ ভোটারদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার চালানোর সময় মনিরুল হক সাক্কু ভোটারদের মাঝে টাকা ছড়িয়েছেন বলে অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। বর্তমান মেয়র এই অভিযোগের  জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘টাকা ছড়িয়েছি সেই প্রমাণ দেখান আগে।’ তিনি বলেন, ‘এমন অভিযোগ আমিও তুলতে পারি যে রিফাত ভাই ভোটের মাঠে টাকা ছড়িয়েছেন। কিন্তু প্রমাণ তো নেই। তাই প্রমাণ নেই এমন মন্তব্য করা উচিত নয়।’