গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় ভোটগ্রহণ চলছে

গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় বুধবার সকাল ৮টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে।

সকাল থেকেই গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গোপালগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে ৫৫ হাজার ৬৬৭ জন এবং মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৭ হাজার ৬২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গোপালগঞ্জ পৌরসভায় ১০ জন মেয়র পদে, কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোটে নেমেছেন।

এই পৌরসভায় নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হলেও ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই নির্বচন থেকে সরে দাঁড়ান আগেই। তারা সবাই প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ভোটে নেমেছেন। মুকসুদপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকসহ মোট ৫ জন মেয়র পদে নির্বাচন করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই দুই পৌরসভায় ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে।