দুবাইফেরত যাত্রীর কাছে পাওয়া গেল সোয়া কোটি টাকার সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম ওজনের সোনার বার ও ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে। আটক সোনার বারের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক যাত্রীর নাম মাসুদ রানা। তার বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে এক যাত্রী সোনা নিয়ে আসছেন—এমন তথ্য তাদের কাছে ছিল। চট্টগ্রামে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনার বার ও সিসা জব্দ করা হয়।