টাঙ্গাইলের মির্জাপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুন সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামে।
এই ঘটনায় ওই ছাত্রীর চাচা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার ত্রিমোহন গ্রামের মোহন রাজবংশির ছেলে হৃদয় রাজবংশি মহদীনগর গ্রামের এক প্রবাসীর কন্যাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল।
বিষয়টি হৃদয়ের বন্ধুদের জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
গত ১৪ জুন মঙ্গলবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে আটঘরি নামক স্থানে পৌঁছালে হৃদয় সাঙ্গপাঙ্গ নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় স্কুলছাত্রীর চাচা আ. গামাদ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।