চিকিৎসার জন্য রাহুলকে জার্মানি পাঠাচ্ছে বিসিসিআই

চিকিৎসার জন্য লোকেশ রাহুলকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারত ক্রিকেট দলের সহ-অধিনায়ককে জার্মানিতে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

কুঁচকির চোটে ভুগছেন ৩০ বছর বয়সী ওপেনার। চিকিৎসার কারণে ইংল্যান্ড সফরে যেতে পারবেন না রাহুল। এই সফরে সাতটি ম্যাচ খেলবে ভারত।

রাহুলের জার্মানি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ, ‘এটা ঠিক। বোর্ড তার ফিটনেসের বিষয়ে কাজ করছে। শিগগিরই সে জার্মানি যাবে।’ এই ডানহাতি ব্যাটার জার্মানির উদ্দেশ্যে উড়াল দিতে পারেন এই মাসের শেষে বা জুলাইয়ের শুরুতে।

ইংল্যান্ড সফরে ভারত ১-৫ জুলাই পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলবে। তবে সাদা বলের ম্যাচ খেলবে ছয়টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে। এই সফরের সহ-অধিনায়ক হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হয়। তবে অধিনায়ক রোহিত শর্মার জন্য আরেকজন সহকারী খুঁজে নেবে ভারতীয় নির্বাচকেরা।