চলতি বছরটা হতে যাচ্ছে ফুটবলের। ইতোমধ্যে বাছাইপর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে অংশগ্রহণকারী ৩২ দল। ইউরোপের শীর্ষ লিগগুলোর মৌসুমও শেষ হয়েছে বেশিদিন হয়নি।
সেই স্মৃতি তরতাজা থাকতেই ২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। নতুন মৌসুমের প্রথম সপ্তাহে মাঠে নামছে জায়ান্ট দলগুলো। ৫ আগস্ট ক্রিস্টাল প্যালেস ও আর্সেনালের ম্যাচ দিয়ে শুরু। দ্বিতীয় আগস্টে রয়েছে সাতটি ম্যাচ। ৭ আগস্ট সপ্তাহের শেষ ম্যাচে ঘরের মাঠ ইতিহাদে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
লিগের মাঝপথে থাকছে বিশ্বকাপ বিরতি। ১২-১৩ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শীর্ষ লিগের সব ম্যাচ। এই সময়টায় থাকছে কাতার বিশ্বকাপ ছুটি। বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর, ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।
৬ আগস্ট প্রিমিয়ার লিগের গত আসরের রানার-আপ মুখোমুখি হবে লিগে উত্তীর্ণ হওয়া ফুলহামের। ১৯৯৮-৯৯ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগে ফেরা নটিংহ্যাম ফরেস্টের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।