বরিশালের বাবুগঞ্জ ও কুষ্টিয়া শহরে দুই স্বামী তাদের স্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন। অপরদিকে, সাভারে পৃথক স্থান থেকে নারী ও যুবকের এবং বগুড়ার সারিয়াকান্দি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল : বাবুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী নান্টু সিকদার (৩০)। এসময় বাধা দিতে গেলে নিজের বাবা মো. চানমদ্দিন সিকদার ও বড়ভাই মিন্টু সিকদারকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। নিহত গৃহবধূ মাহমুদা বেগম (২২) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কুরিরচর গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের মেয়ে। গত বুধবার রাতে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে এ ঘটনার পর রাতেই নান্টু সিকদারকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া : শহরের কোর্টপাড়া এলাকায় অটোচালক রনি হোসেন (৪২) তার স্ত্রী রত্না খাতুনকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ রনি হোসেন ও তার মা লিলি খাতুনকে আটক করেছে। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে হত্যার ঘটনাটি ঘটে। নিহত রত্না খাতুন মিরপুর উপজেলার চারমাইল বিভাগ তাঁতিবন্দ গ্রামের আজিম মৃধার মেয়ে। আটক রনি সদর উপজেলার বটতৈল গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
সাভার : পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারী ও অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের আউকপাড়া আদর্শ গ্রাম ও সরকার মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া : অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্তি গ্রামের একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ এটিকে খুন হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে।