নতুন থর-এ নতুন নাটালি

মার্ভেলের নতুন সিনেমা থর : লাভ অ্যান্ড থান্ডার। সিনেমার অন্যতম আকর্ষণ জেন ফস্টারের চরিত্রে নাটালি পোর্টম্যান। এবার রীতিমতো থরের অবতারে দেখা যাবে তাকে। এ নিয়ে দর্শকরা কৌতূহলী। সিনেমার গল্প আর নাটালির চরিত্রটি নিয়ে ‘থর’ খ্যাত বিখ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের এককথায় জবাব, ‘অসাধারণ।’ এই সিনেমার জন্য জেন ফস্টারের চরিত্রটি নতুন করে সাজিয়েছেন পরিচালক টাইকা ওয়াইটিটি। থরের এর আগের সিনেমাগুলোয় জেনকে সেভাবে দেখা যায়নি। তাই এ সিনেমার গল্প অনেকটাই তাকে আবর্তন করে এগোবে। ক্রিস ও ওয়াইটিটি এ নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছিলেন। ক্রিস বলেন, ‘বিষয়টি অসাধারণ, কারণ তারা দুটো ভিন্ন জায়গায় থাকছে। আমরা কেউই জানি না তাদের কী হয়েছে। তাদের কি সম্পর্ক ভেঙে গেছে? কাকে ছেড়ে কে গেছেন...আমার মনে হয় একটা পর্যায়ে সবাইকে একবার পেছন ফিরে তাকাতে হয়।’ পেছন ফিরে টাইকা ওয়াইটিটি মনে করেন, প্রথম দুই সিনেমায় জেনের চরিত্রটি ঠিকঠাকভাবে লেখা হয়নি। তাকে অনেকটাই আড়ালে ফেলে রাখা হয়েছে। তাই এবারের সিনেমার জন্য জেনের চরিত্রটি নিজের মতো করে, নতুন করে সাজানোর কথা ভেবেছেন টাইকা ওয়াইটিটি। তিনি বলেন, ‘আমি মজা করে সিনেমা বানাতে চেয়েছি। আমার মনে হয় র‌্যাগনারকের মধ্য দিয়ে আমরা সিরিজটি অন্য অভিনেতাদের আগ্রহের কারণ করে তুলেছি।’ ক্রিশ্চিয়ান বেল ও রাসেল ক্রো এ সিনেমায় নতুন সংযোজন। নাটালি নতুন না হলেও তার চরিত্রটি পুরোপুরিই নতুন বলে মনে হয়। এ নিয়ে নাটালির নিজেরও কিছুটা আফসোস ছিল। ‘নাটালির ক্ষেত্রে আসলে সে নিশ্চিত করতে চেয়েছিল...মানে বিষয়টা কীভাবে ব্যাখ্যা করব...তার চরিত্রটি আগের সিনেমাগুলোয় গুরুত্ব দিয়ে লেখা হয়নি। এখানে তাই আমি সবচেয়ে আগ্রহোদ্দীপক একটি নারী চরিত্র তৈরি করতে চেয়েছি’ ব্যাখ্যা করেন ওয়াইটিটি।