আরও দুই থেকে তিন দিন বৃষ্টি থাকবে

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২-৩ দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিন দিন দেশজুড়ে এমন বৃষ্টি চলতে পারে। রাজধানীতেও আগামী দুই দিন বৃষ্টি হতে পারে। তবে তার পরিমাণ কম হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসব জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। অস্থায়ীভাবে বইতে পারে দমকা হাওয়া। খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় একই ধরনের প্রবণতা দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা ও আশপাশের এলাকার ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।