লক্ষ্মীপুর, ময়মনসিংহ ও গোপালগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের দালালবাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিএনজি অটোরিকশা চালক মো. আলমের (১৮) মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার দালালবাজারের মাছহাটার পাশে এ ঘটনা ঘটে। নিহত আলম সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে দালালবাজারের ‘রাজু স্টোরে’ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় সিএনজি অটোরিকশা চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আলম। তিনি দোকানে আগুন জ্বলতে দেখে দোকানের শাটার খোলার চেষ্টা করে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিডিবির বিদ্যুতের ছেঁড়া তারে স্পর্শ লেগে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন স্থানীয় বিদ্যুৎমিস্ত্রি খলিল (৪০) ও বিদ্যুৎ গ্রাহক আবদুল কাদের (৭৫)। গতকাল দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাংবড়াইল গ্রামে পিডিবির বিদ্যুতের তার ছিঁড়ে বিলের মধ্যে পড়ে ছিল। গতকাল দুপুরে আবদুল কাদের স্থানীয় বিদ্যুৎমিস্ত্রি খলিলকে সঙ্গে নিয়ে ছেঁড়া তার জোড়া লাগাতে যান। এসময় অসাবধানতাবশত মিস্ত্রি খলিল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে আবদুল কাদেরও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই আবদুল কাদের মারা যান। মিস্ত্রি খলিলকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজ মোল্লা (৩৮) নামে এক সেচ ব্লক মালিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ ব্লকে তিনি বিদ্যুতায়িত হন। গোপালগঞ্জ সদর থানার এসআই আহাদুজ্জামান জানান, সকাল ৮টার দিকে হাফিজ মোল্লা তার ইরি ধানের সেচ ব্লকে যান। ক্রমাগত বৃষ্টি আর উজানের পানি বাড়ায় ব্লকের ছোট ঘরটির ভেতরে পানি প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা মালামাল-যন্ত্রপাতি সরিয়ে নিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।