ঢাকার হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী মেয়ের জামাইকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনি নিহত হয়েছেন। আহত হয়েছেন মেয়ে ও মেয়ের জামাইসহ আরো চারজন।
আজ রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল কাসেম (৬৫) ও তার নাতনি ফারহানা (৮)। আহতরা হলেন- প্রবাসী লাভলু (৩০) ও তার স্ত্রী রেখা (২০), রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫)। গাড়িচালক মনির খান বিল্লাল (৫৪)। এরা সবাই ঢাকার দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম গাড়ি নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনি ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে আনতে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে যান। রবিবার ভোরের দিকে বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এসময় একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।