দোহারে বিদ্যুতের খুঁটির সঙ্গে নিয়ন্ত্রণ হারানো প্রবক্স গাড়ির ধাক্কা লেগে নানা-নাতনিসহ ৩ জন নিহত হয়েছে। প্রবাসীবাহী গাড়িটি রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ফিরছিল। এ সময় প্রবাসী লাভলুসহ আরও ৩ জন আহত হয়েছে।
রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল কাসেম (৬৫), তার নাতনি ফারহানা (৮) এবং গাড়ি চালক মনির খান বিল্লাল (৫৪)। আহতরা হলেন প্রবাসী লাভলু (৩০), তার স্ত্রী রেখা (২০) ও রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫)। তারা সবাই দোহার উপজেলার রাইপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবক্স গাড়িযোগে কুয়েত প্রবাসী মেয়ের জামাতা লাভলুকে বাড়িতে আনতে যান শ্বশুর আবুল কাসেম। এ সময় তার ছোট মেয়ে রেখাসহ বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে সঙ্গে নিয়ে যান।
নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে চিকিৎসক গাড়ি চালক বিল্লালকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।