ফেনীতে ৫৫০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর লালপোলে ইয়াবাসহ আকবর হোসেন সিফাত (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার লালপোল এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে সাড়ে ৫শ পিস ইয়াবা সহ আকবর হোসেন সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আকবর হোসেন সিফাত সদর উপজেলার কালিদহ ইউনিয়নের চেত্তরিয়া গ্রামের বাসিন্দা। তিনি কালিদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে লালপোল এলাকা থেকে সাড়ে ৫০০ পিস ইয়াবাসহ সিফাতকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এসআই কাজী মোকাব্বির হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, রাজনৈতিক পদপদবীর আড়ালে সিফাত এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

কালিদহ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান রাজু জানান, ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটকের বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।