মার্সেলো-আলভেসকে নিজের ক্লাবে আনতে চান রোনালদো

২০২১-২২ মৌসুমের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন মার্সেলো। বার্সেলোনা ছেড়েছেন দানি আলভেস। দুই ব্রাজিলিয়ান ফুল-ব্যাকের পরবর্তী গন্তব্য এখনো ঠিক হয়নি।

তবে মার্সেলো-আলভেসকে নিজের মালিকানাধীন ক্লাব রিয়াল ভালোদোলিদে আনার স্বপ্ন দেখছেন ক্লাবটির প্রেসিডেন্ট রোনালদো নাজারিও। এই দুই স্বদেশি তারকার সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মার্সেলো-আলভেসকে নিজের দলে আনতে চান রিয়াল-বার্সার সাবেক ফরোয়ার্ড।

আর তা যদি হয় তবে ফের লা লিগায় দেখা যাবে দুই তারকা ডিফেন্ডারকে। ভায়োদোলিদও ফের ফিরেছে স্প্যানিশ ফুটবলের শীর্ষ লিগে। ২০২০-২১ মৌসুমে অবনমন হয় তাদের।এরপর চেষ্টা করে ফিরেছে শীর্ষ লিগে।

দুই স্বদেশিকে যদি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো তার দলে পেয়ে যান তবে একই জার্সিতে পুরোনো ক্লাবের বিপক্ষে খেলতে দেখা যাবে মার্সেলো-আলভেসকে। পাশাপাশি ব্রাজিলের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ খেলার দিকেও তাকিয়ে দুজনে।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ করেছেন মার্সেলো। লস ব্লাঙ্কোসদের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা অর্জনেরও রেকর্ড গড়েন তিনি। অভিজ্ঞ এই ফুলব্যাকের দিকে চোখ ইউরোপের অনেক ক্লাবের। তার মধ্যে আছে ইতালির এসি মিলানও। সিরি’আ চ্যাম্পিয়নরা রক্ষণভাগ শক্ত করতে আনতে চায় মার্সেলো। সান সিরোতে গেলে ফের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবেন ৩৪ বছর বয়সী তারকা।

অন্যদিকে ফেরার এক মৌসুম পরে বার্সা ছেড়েছেন আলভেস। ৩৯ বছর বয়সী তারকাকেও ইউরোপের বেশ কয়েকটি দল দলে ভেড়াতে ইচ্ছুক। তার মধ্যে আছে ফ্লেমেঙ্গো। এক মৌসুমের জন্য হলেও আলভেসকে দলে চায় ব্রাজিলের ক্লাবটি।

তবে রক্ষণভাগের দুই অভিজ্ঞ দুই ব্রাজিলিয়ান এখনো শীর্ষ লিগে খেলে যেতে চান। সম্ভব হলে কোচ তিতের দলের সদস্য হয়ে যেতে আগ্রহী কাতারে।

স্প্যানিশ মৌসুম শুরু হতে আরও বেশ কয়েক সপ্তাহ দেরি। ভায়োদোলিদেরও দ্রুত তাদের স্কোয়াড শক্ত করার দিকে নজর দিচ্ছে। কারণ রোনালদোর দলকে যে লড়াই করতে হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো ইউরোপ সেরা দলগুলোর সঙ্গে।