কোহলি কীভাবে ফর্মে ফেরেন তা দেখতে আগ্রহী ম্যাকগ্রা

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের তালিকায় ওপরের দিকে থাকবেন গ্লেন ম্যাকগ্রা। অবসরের পর পেসারদের নিজের অর্জিত জ্ঞান দিতে কার্পণ্য করেন না অস্ট্রেলিয়ান কিংবদন্তি। জ্ঞান বিলিয়েছেন ভারতীয় বোলারদেরও।

বর্তমানে এমআরএফ পেস ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন ম্যাকগ্রা। সম্প্রতি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যেখানে নতুন পেস তারকা উমরান মালিকের বিষয়ে এবং বিরাট কোহলির ফর্ম নিয়ে কথা বলেছেন ৫২ বছর বয়সী সাবেক পেসার।

সামনে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। স্কোয়াডে ফেরার সম্ভাবনা আছে কোহলির। চোটের কারণে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি।

তবে ২০২২ আইপিএলে ব্যাটিং ব্যর্থতায় আওয়াজ উঠে, ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য কোহলির বিরতি নেওয়ার। ভক্ত-সমর্থকরাও চান, মানসিক চাপ কাটিয়ে দলে ফিরে আসুক তাদের প্রিয় ব্যাটার।

ম্যাকগ্রাও মনে করেন, এখন বিরতিতে যাওয়া কোহলির জন্য ভালো। এটা ভারতের সাবেক অধিনায়ককে বিশ্বে আরও ভালো ব্যাটার বানাবে। কারণ কোহলি ক্রিকেটের ভেতর-বাহির জানেন। সেরা ফর্মে ফেরার জন্য কি করতে হবে তাও বোঝেন।

কিংবদন্তি অজি পেসার এনডিটিভিকে বলেন, ‘ক্রিকেট খুবই আত্মবিশ্বাসের খেলা। বিরাটও বেশ আত্মবিশ্বাসী খেলোয়াড়। যখন সে সুরে থাকে, রানের পর রান করতে থাকে এবং মাঝেমধ্যে সবকিছু ভালো যায় না। এটা কঠিন জায়গা হয়ে ওঠে। তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। নিজেকে জানে, জানে কীভাবে ফিরে আসতে হয়। সে কীভাবে ফিরে আসে তা দেখতে আমি আগ্রহী। সামনে বিশ্বকাপ। আমি মনে করি, জাহাজ স্থির রাখতে ভারতের অভিজ্ঞ খেলোয়াড়ের দরকার পড়বে।’