পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পাড়ের দুই নবগঠিত থানার উদ্বোধন হবে আজ মঙ্গলবার। পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ নামে থানা দুটি আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোলপ্লাজা প্রান্তে অবস্থিত পদ্মা সেতু উত্তর থানা ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে অবস্থিত পদ্মা সেতু দক্ষিণ থানার উদ্বোধন ঘিরে চলছে নানা প্রস্তুতি। চারতলাবিশিষ্ট নান্দনিক থানা ভবন দুটির ধোয়ামোছার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, থানা দুটিতে ইতিমধ্যে লোকবল নিয়োগ করা হয়েছে। প্রতিটি থানায় একজন সহকারী পুলিশ সুপারসহ ৪০ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ৩৬ কোটি টাকা ব্যয়ে থানা দুটি তৈরি করা হয়েছে। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।