স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েছে তার বিলাসবহুল গাড়ি। স্বস্তির খবর হলো, গাড়ির ভেতর ছিলেন না সিআরসেভেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর জানায়, গাড়িটি নিয়ে চালক স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা মারেন। দেয়ালটিও ভেঙে পড়ে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তবে ১.৮ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা দামের বুগাটি ভেরন ব্র্যান্ডের এ গাড়িতে রোনাল্ডোর পরিবারের কেউ গাড়িতে ছিলেন না।
ছুটি কাটাতে স্পেনের মায়োরকাতে ব্যক্তিগত বিমানেই পাড়ি জমান রোনাল্ডো। আর জাহাজে করে দুটি গাড়ি স্পেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। সেগুলো সোমবারই পৌঁছায়। তার মধ্যে একটি দুর্ঘটনার কবলে পড়ল।
দুর্ঘটনায় কারো চোট-আঘাত লাগেনি। পরে রোনাল্ডোর প্রতিনিধি গিয়ে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে দেয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
উয়েফা নেশনস লিগের পর গত সপ্তাহেই স্পেনে ছুটি কাটাতে যান রোনাল্ডো। পরের মাসে নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে তার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে।