মানিকগঞ্জে চারতলা স্কুলভবন পদ্মায় বিলীন

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী জানান।

হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে এতে। বিদ্যালয়ের চারতলা পর্যন্ত ছাদ দেওয়া থাকলেও তৃতীয় ও চতুর্থ তলার ভেতরের কাজ বন্ধ ছিল। আজিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, মঙ্গলবার স্কুলভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত হাতিঘাটা এলাকায় স্কুলের ক্লাস হবে। তবে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল নির্মাণ করা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্কুলভবনটি আজ (গতকাল) দুপুরে পদ্মায় বিলীন হয়ে গেছে।’