অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৬ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ১৯ জুন ঝালকাঠি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পৌঁছলেও গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, গত তিন বছরে চেয়ারম্যান আবুল বাশার ইউনিয়ন পরিষদের ট্যাক্সের ১২ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ, করোনাকালীন ত্রাণের চাল আত্মসাৎ, এলজিএসপি-৩-এর প্রাপ্ত বরাদ্দ থেকে তথ্যসেবা কেন্দ্রের মালামাল না কিনে অর্থ আত্মসাৎ, ফটোকপি কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উঠেছে এবং তদন্ত কর্মকর্তা কর্তৃক প্রমাণিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি এখনো আমি হাতে পাইনি। তবে একটি চিঠি এসেছে শুনেছি।’

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন এ সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।