দেশের বেশিরভাগ যানবাহনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি কার্ড না থাকায় পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু হচ্ছে না। ফলে সনাতন টোল ব্যবস্থা দিয়েই ২৬ জুন সকাল ৬টা থেকে শুরু হচ্ছে পদ্মা সেতুর যাত্রা। তবে কার্ডের মাধ্যমেও টোল পরিশোধের ব্যবস্থা থাকছে। গতকাল মঙ্গলবার সেতু কর্র্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ২৫ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে টোল দিয়ে যাতায়াত করতে পারবে যানবাহন।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িতে প্রযুক্তি যুক্ত না হওয়া পর্যন্ত সনাতন পদ্ধতিতেই আদায় করা হবে পদ্মা সেতুর টোল। পাঁচ বছরের জন্য এই সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পেয়েছে যৌথভাবে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ‘স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার জন্য যানবাহনে একটি বিশেষ ডিভাইস যুক্ত থাকতে হয়, যা দেশের বেশিরভাগ যানবাহনেই নেই। সে কারণে সনাতন টোল ব্যবস্থা দিয়েই পদ্মা সেতুর যাত্রা শুরু হচ্ছে। সেতুর দুই প্রান্তে স্থাপন করা হয়েছে ১৪টি ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি বুথ। টোল আদায়ের দায়িত্বে থাকা কোরিয়ান এক্সপ্রেসওয়ে এই বুথগুলো বসিয়েছে। যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে থাকা ফাস্ট ট্র্যাকের মাধ্যমে সাদা রঙের প্রি-পেইড কার্ডে মাত্র দুই-তিন সেকেন্ডেই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। প্রাথমিকভাবে দুই প্রান্তে একটি করে মোট দুটিতে চালু থাকছে ইটিসি পদ্ধতি। আর আটটি প্লাজায় টোল আদায় করা হবে ম্যানুয়াল পদ্ধতিতে। বাকি চারটি চালু হবে পরে।’