আইসিইউতে ‘এশিয়ার ব্র্যাডম্যান’ জহির আব্বাস

এক বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) ভর্তি করা হয়েছে পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জহির আব্বাসকে। খবরটি নিশ্চিত করেছে জিও নিউজ।

পেডিংটনের সেন্ট ম্যারি হাসপাতাল ভর্তি হওয়ার তিনদিন পর আইসিইউতে স্থানান্তরিত করা হয় ৭৪ বছর বয়সী আব্বাসকে। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে কভিড-১৯ আক্রান্ত হন এই কিংবদন্তি ব্যাটার। শরীরে ব্যথা অনুভূত হলে ইংল্যান্ডের রাজধানীতে পৌঁছার পর ডায়াগনোসিস করেন। সেখানে নিউমোনিয়া ধরা পড়ে।

জিও নিউজ জানায়, বর্তমানে তিনি ডায়ালিসিসে আছেন এবং চিকিৎসক তাকে লোকজনের সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন।

নিজের সময়ের সেরা ব্যাটারদের একজন আব্বাস। ‘এশিয়ার ব্রাডম্যান’ হিসেবেও পরিচিত তিনি। ১৯৬৯ নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ৭২ টেস্টে করেছেন ৫০৬২ রান। ৬২ ওয়ানডেতে তার রান ২৫৭২। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫৯ ম্যাচে তার রান ৩৪,৮৪৩। যার মধ্যে আছে ১০৮ সেঞ্চুরি ও ১৫৮ ফিফটি।

অবসরের পর আব্বাস এক টেস্ট ও তিন ওয়ানডেতে আইসিসি ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২০ সালে জ্যাক ক্যালিস ও লিসা স্তালেকারের সঙ্গে আইসিসি হল অব ফেমেও জায়গা করে নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিংবদন্তি ব্যাটারের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তবৃন্দ ও বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। মোহাম্মদ হাফিজ, অ্যালান উইলকিন্স-সহ অনেকে আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্নতা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।