সবচেয়ে শক্তিশালী মুদ্রা রুবল

ডলারের বিপরীতে ক্রমাগত মূল্যমান বাড়তে থাকায় এ বছরের সবচেয়ে শক্তিশালী মুদ্রার স্থান পেয়েছে রুশ মুদ্রা রুবল। সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযানের জবাব হিসেবে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ তার অন্য মিত্ররা। এরপর টানা তিনমাস রুবলের দরপতন হতে থাকলেও হঠাৎই তা আবার ঘুরে দাঁড়াতে শুরু করে।

সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডলারের বিপরীতে ৪০ শতাংশ বেড়েছে রুবলের দাম। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত, গত ৭ বছরে রুবলের মূল্য সর্বোচ্চে পৌঁছেছে। এদিকে, নিষেধাজ্ঞা কবলিত রুশ মুদ্রার এত দ্রুত ঘুরে দাঁড়ানোর ঘটনাটিকে হার্ভার্ড কেনেডি স্কুলের পুঁজি গঠন ও বৃদ্ধি বিষয়ক অধ্যাপক জেফরি ফ্র্যাঙ্কেল ‘একটি অস্বাভাবিক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছেন।

মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি কোনো দেশের মুদ্রার মান এভাবে বাড়তে দেখা যায়নি বিশ্বের ইতিহাসে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার সম্মুখীন দেশ থেকে বিনিয়োগকারীরা চলে যাবেন এবং পুঁজি প্রবাহ বাধাগ্রস্ত হবে, এটিই স্বাভাবিক; এর ফলে সে দেশের মুদ্রার দামও কমে যাবে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে অনেকটা উল্টো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

অর্থ ও পুঁজি দেশে ধরে রাখার নানান পদক্ষেপ ‘অস্বাভাবিকভাবে’ কাজ করছে পুতিনের দেশে। ইউরোপীয় দেশগুলোর প্রধান জ্বালানি রপ্তানিকারক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনেকটা হিতে বিপরীত হিসেবে কাজ করছে ইউরোপের নিজের ওপরেই। অস্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে বেড়ে গেছে জ্বালানির দাম। আবার পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে ডলারের বিপরীতে রুবলে জ্বালানির মূল্য পরিশোধের আল্টিমেটাম দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ফলে নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা লাভবান হতে পারেনি পশ্চিম, বরং বিপরীতে বাড়ছে রাশিয়ার অর্থনীতি।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন আক্রমণের পর ডলারের বিপরীতে রুবল সর্বকালের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছিল। ওই পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি থেকে রুবলের বহিঃপ্রবাহ বন্ধ করতে সুদের হার দ্বিগুণেরও বেশি, ২০ শতাংশে উন্নীত করে। এরপর কিছু বিধিনিষেধ শিথিল করা হয় এবং সুদহার কমিয়ে ইউক্রেন আক্রমণের আগের পর্যায়ে, অর্থাৎ আবারও সাড়ে ৯ শতাংশে নামিয়ে আনা হয়। এরই মধ্যে বিশ্বের মুদ্রাবাজারে স্বাভাবিক অবস্থানে ফিরতে শুরু করে রুবল। মুদ্রা ক্রমাগত শক্তিশালী হতে থাকায় রাশিয়ার মুদ্রাস্ফীতিও এখন অনেকটা সহজ হয়ে এসেছে।