এক ঝলকে

স্বস্তির দিন শেষ রিয়া চক্রবর্তীর

মাঝে বেশ কিছুদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কিন্তু আবার আইনি ঝামেলায় জড়ালেন প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের এই প্রেমিকা। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) সুশান্তর মাদককা- মামলায় রিয়া, তার ভাই শৌভিকসহ আরও কয়েকজনকে মূল অভিযুক্ত হিসেবে জানিয়েছে। এনসিবি রিয়া, শৌভিক আর কয়েকজনের বিরুদ্ধে বিশেষ আদালতে ড্রাফট চার্জ জমা করেছে। সুশান্তর জন্য মাদকদ্রব্য কেনার অভিযোগে রিয়া আর অন্যদের অভিযুক্ত করেছে এনসিবি। বিশেষ পাবলিক প্রসিকিউটর অতুল সরপন্দে বলেছেন, চার্জশিটে সব অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের মীমাংসা হয়ে গেছে। চার্জশিটে সবার বিরুদ্ধে অভিযোগ উল্লেখ করা আছে। চার্জশিটে বলা হয়েছে, রিয়া চক্রবর্তী আর শৌভিক মাদকদ্রব্য সেবন করেছিলেন আর সুশান্ত সিং রাজপুতের জন্য তারা মাদকদ্রব্য কেনাবেচা করেছিলেন। অতুল সরপন্দে আরও বলেছেন, কিছু অভিযুক্ত ব্যক্তির মামলা মীমাংসার মুখে ছিল, কিন্তু তারা আদালতের কাছে ডিসচার্জ আবেদনপত্র দাখিল করেছিলেন। আর তাই আদালত এ মামলার রায় শোনাতে পারেনি। বুধবার এ মামলার সওয়াল-জবাবের সময় রিয়া আর শৌভিক আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ বিচারক বিজি রঘুবংশী আগামী ১২ জুলাই এ মামলার রায় শোনাবেন বলে জানিয়েছেন।