ফেনী জেনারেল হাসপাতালে ভর্তিকৃত এক রোগীর স্বজনদের আটক করে লাঞ্ছিত ও পেটানোর অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হাসপাতালে ভর্তিকৃত এক নারী রোগীকে দেখতে হাসপাতালে আসেন সুজা মিয়া ও তোফাজ্জল। অস্থায়ী নিরাপত্তাকর্মী শাহাদাত তাদের হাসপাতালে প্রবেশে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে হাসপাতালের ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে শাহাদাত ও অন্য নিরাপত্তাকর্মীরা রোগীর স্বজনদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হাসপাতালের সামনে পুলিশ থাকলেও এগিয়ে আসেনি। তাদের মারধরের ছবি তোলার সময় ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদারের মোবাইল ফোনটি শাহাদাত ছিনিয়ে নেয়। পরে ছবি মুছে ফেলার শর্তে অন্য কর্মচারীরা ফোনটি ফেরত দেয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, ‘রোগীর স্বজনরা অনুমতিবিহীন হাসপাতালে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। বিষয়টি খতিয়ে দেখব।’ সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালে কারও ছবি বা ভিডিও করার অনুমতি নেই।’