বন্যার শুরু থেকেই পুলিশ বানভাসিদের পাশে আছে: আইজিপি

পুলিশ তার নির্ধারিত দায়িত্বের পাশাপাশি বন্যার শুরু থেকেই বানভাসি মানুষকে উদ্ধার, থানাভবনে মানুষকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

মানুষের বাড়িঘর ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বৃহস্পতিবার বিকেলে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার পানি কমে যাওয়ার পরে বিভিন্ন পুনর্গঠন কার্যক্রমেও পুলিশ বলিষ্ঠ ভূমিকা রাখবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সদ্য পুলিশ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার এসএমপি (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ।

এর আগে, সকালে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জে পৌঁছে বন্যাকবলিত মানুষের মাঝে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করেন।