অনেকের মতো তার কাছেও ছোটবেলার ঈদ মানে ঈদের রাতে ‘আনন্দমেলা’। বড় হয়ে স্কুল পেরিয়ে কলেজে পড়াকালীনও বাংলাদেশ টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায় ‘আনন্দমেলা’ বড় আকর্ষণ ছিল তার কাছে। নিশো বলেন, ‘সে সময় আফজাল হোসেনের উপস্থাপনা খুব ভালো লাগত আমার।’ সেই নিশো এখন নিজেই ঈদুল আজহার ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের মঞ্চের কা-ারি হলেন। অভিনেতা হওয়ার পর বেশ কয়েকবার এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল তার। তবে উপস্থাপনার কাজ এবারই প্রথম। দারুণ খুশি এই অভিনেতা। বলেন, “আগে তো পর্দার সামনে বসে আফজাল ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, পূর্ণিমা আপুদের উপস্থাপনা দেখেছি। সেই মঞ্চে নিজেকে দেখব, এটি আমার জন্য আনন্দের। তা ছাড়া বাংলাদেশ টেলিভিশনে ‘আনন্দমেলা’ অনুষ্ঠান দেখে না, এমন কম মানুষই আছে।” নিশো জানান, এই অনুষ্ঠানে একটু অন্যভাবে উপস্থাপনার গল্প সাজানো হয়েছে। ব্যক্তি নিশোর উপস্থাপনার পাশাপাশি তার অভিনীত চার-পাঁচটি নাটকের চরিত্রের নিশোকেও মঞ্চে দেখা যাবে। এবারের অনুষ্ঠানে পুরনো দিনের সিনেমার গানের সঙ্গে নাচবেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জনা। অপু বিশ্বাস ও সাইমন নৃত্য করবেন এ সময়ের সিনেমার গানের সঙ্গে। নুসরাত ফারিয়া তার নিজের গাওয়া গানের কোলাজের সঙ্গে নাচবেন। সাব্বির, লিজা, নিশিতা ও রাজিবের কণ্ঠে থাকবে মৌলিক দ্বৈত গান। অনুষ্ঠানে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের একটি গান থাকছে। ‘আনন্দমেলা’র থিম সং গেয়েছেন বেলাল খান ও লিজা। অনুষ্ঠানে কৌতুক পর্বও আছে। ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি ঈদুল আজহার দিন রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।