ময়নাতদন্ত প্রতিবেদন

স্কুলছাত্র শিহাবকে শ্বাসরোধে হত্যা করা হয়

টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাব মিয়াকে (১১) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে। গতকাল রবিবার টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার শহরের বিশ্বাস বেতকা সুপারিবাগান এলাকায় স্কুলের ছাত্রাবাস থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নাসির উদ্দিন ও আবু বকর নামে ছাত্রাবাসের দুই শিক্ষককে আটক করেছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে এ ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছে শিহাবের পরিবার।

শিহাব সখীপুর উপজেলার বেরবাড়ী গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। শিহাবকে চার মাস আগে সৃষ্টি একাডেমিক স্কুলে ভর্তি করা হয়। সে সুপারি বাগান এলাকায় ওই স্কুলের একটি ছাত্রাবাসের সপ্তমতলায় থাকত।

সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’