পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন রুটে ভারতীয় ভিসা চালুর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।
সংগঠনটির সভাপতি আবদুল লতিফ তারিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কুদরতি-খুদা-মিলন।
এতে বক্তারা বলেন, ২০১৯ সালে কভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ভারতে বিদেশি নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণ কমে গেলে ২০২১ সালের শুরুর দিকে পর্যায়ক্রমে বিভিন্ন রুটে ভিসা দেওয়া শুরু করে ভারতের সরকার। গত মার্চ মাস থেকে সবধরনের ভিসা দেওয়া শুরু করে তারা। কিন্তু ভিসায় রুট নিয়ে সমস্যায় পড়েছেন দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা সংশ্লিষ্ট ভারত, নেপাল এবং ভুটানের যাত্রীরা।
বক্তারা আরও বলেন, এই স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের ফুলবাড়ি স্থলবন্দর রুটে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না। দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করা গেলেও বাংলাবান্ধা দিয়ে যেতে পারছে না বাংলাদেশিরা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান প্রমুখ।