খুলনায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনা সিটি করপোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সুশাসনের জন্য দুর্নীতি হলো প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আত্মসমালোচনা দরকার। যদি সবাই সবার দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দুর্নীতি কমানো সম্ভব হবে। কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়ন করা হয়। নগরীর প্রতিটি ঘরে সিটি করপোরেশনের সেবা পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক কমিটিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের সেবা দেওয়া ও তাদের সেবা গ্রহণে সমন্বয় সৃষ্টি করতে জনমত গঠন জরুরি। তিনি উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করার আহ্বান জানান।