প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে ফেইসবুকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে আবদুল হাই (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ।

গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল হাই ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, ২৩ জুন ফেইসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’তে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর (কটূক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেওয়া হয়।

পরে এ বিষয়ে উপজেলার চরকুমিরা গ্রামের মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী অভিযোগ দিলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে গত শনিবার রাতে আবদুল হাইকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়।