লাম্পি স্কিন রোগে কোরবানির গরু নিয়ে শঙ্কা

দেশের কয়েকটি স্থানে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুরের শ্রীপুরে গত তিন সপ্তাহে কয়েক হাজার গরু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়েছে, যা উপজেলায় কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর প্রায় ১৫-২০ শতাংশ।

সরেজমিনে শ্রীপুরের লাকচতল, ভিটিপাড়া, কেওয়া, বদনীভাঙ্গা, বেকাহরা, টেংরা, কাওরাইদ, বাপতা, গোসিংগা, পটকা, কর্ণপুর, হায়তখারচালাসহ আশপাশের বেশ কিছু গ্রামে লাম্পি স্কিন রোগে আক্রান্ত পশু দেখা গেছে। স্থানীয়রা জানান, অনেক প্রান্তিক কৃষক ঈদ মৌসুমকে সামনে রেখে ৫/১০টা গরু মোটাতাজা করছেন ধারদেনা করা টাকায়। অসুস্থতার কারণে ঈদে গরু বিক্রি না হলে ঋণ শোধ করা কঠিন হয়ে পড়বে।

কাশিজুলী গ্রামের পল্লী পশু চিকিৎসক রাসেল মিয়া বলেন, ‘দিনে বিশটি গরুর চিকিৎসা করলে এরমধ্যে আশি শতাংশই লাম্পি স্কিন রোগে আক্রান্ত। আমরা প্রাথমিক চিকিৎসা দিই। রোগ জটিল মনে হলে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেওয়ার পরামর্শ দিই।’

কর্ণপুর গ্রামের খামারি বোরহান উদ্দীন বলেন, ‘আমার চারটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়। বহু টাকা খরচ করে এখন একটু ভালোর দিকে।’

ভুক্তভোগী খামারিরা জানান, এ রোগে আক্রান্ত গরু প্রথমে খাওয়ার রুচি হারায়। পরে গলা ও সিনার নিচে পানি জমে। হাঁটু ও খুরার কাছে ফুলে যায়। পুরো শরীরজুড়ে গুটি গুটি হয়ে ফুলে ওঠে। কদিন গেলেই গুটিগুলো ফেটে রক্তপুঁজ পড়তে থাকে। এক সময় আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়। গায়ে জ্বর থাকে বেশ। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, ‘লাম্পি স্কিন ডিজিজ সাধারণত মশা-মাছিবাহিত রোগ। আক্রান্ত কোনো গরুকে কামড়ানো মশা সুস্থ গরুকে কামড়ালে সে গরুতে লাম্পি স্কিন রোগ ছড়ায়। পালিত পশুকে মশা-মাছির উপদ্রব থেকে নিরাপদে রাখলে এ রোগ থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়।’

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুকনুজ্জামান পলাশ বলেন, ‘কোরবানি ঈদকে সামনে রেখে শ্রীপুরে প্রায় ১৮ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। আমাদের ধারণা অন্তত ১৫-২০ শতাংশ পশু লাম্পি স্কিনে আক্রান্ত হয়ে পড়েছে। সরকারিভাবে এখনো লাম্পি স্কিন ভাইরাসের কোনো ভ্যাকসিন আসেনি। তবে দেশীয় বেশ কিছু ওষুধ কোম্পানি ভ্যাকসিন তৈরি করেছে। কিন্তু খামারিরা ভ্যাকসিন দিতে আগ্রহী না।’

অপরদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। এক সপ্তাহে এ রোগে অন্তত ২ শতাধিক গরু আক্রান্ত হয়েছে।