সেতুর নাট খুলে ভাইরাল হওয়া যুবক গ্রেপ্তার

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই যুবকের নাম বায়েজিদ তালহা (৩০)। তিনি ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী। গতকাল রবিবার বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে তালহাকে গ্রেপ্তার করা হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ) রেজাউল মাসুদ। তিনি বলেন, ‘তালহাকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি পদ্মা সেতুর নাট খুললেন, তা জানতে চাওয়া হবে। বায়েজিদের সঙ্গে তার এক বন্ধু ছিল। তাকে এখনো গ্রেপ্তার করতে পারিনি।’

রেজাউল মাসুদ বলেন, গ্রেপ্তার করা যুবক ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সোমবার (আজ) সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এ যুবকের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে সিআইডি কর্মকর্তা বলেন, ‘এখনো তার কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তদন্ত অব্যাহত আছে।’

ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ডের ওই টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদকে বলতে শোনা যায়, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের... পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

এ ভিডিও ছাড়াও পদ্মা সেতুতে আরও এক যুবকের প্রস্রাব করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। গতকাল রবিবার সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।