ইউনূস সেন্টারে ‘সামাজিক ব্যবসা সম্মেলন’ শুরু আজ

ইউনূস সেন্টারের আয়োজনে ও নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় ২৭ থেকে ৩০ জুন অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সামাজিক ব্যবসা দিবস।

এ বছরের সামাজিক ব্যবসা দিবসের বিষয়বস্তু হচ্ছে— বর্তমান সভ্যতা আমাদের ধ্বংস করে ফেলার আগেই একটি নতুন সভ্যতা বিনির্মাণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর পূর্ব আফ্রিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়, যেমন; ক্যাথলিক ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ে এবং তার সহযোগী হিসেবে উগান্ডার কাম্পালা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ম্যাকেরেরে ইউনিভার্সিটি বিজনেস স্কুল, কেনিয়ার তানগাজা ইউনিভার্সিটি কলেজ, বেনিনের আবোমে কালাবি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সিএএম স্কুল অব বিজনেস সম্মেলনের বৈশ্বিক আয়োজনের সমান্তরালে স্থানীয়ভাবে সামাজিক ব্যবসা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

৩০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছাড়াও এ বছরের সম্মেলনে ১৫০ জনেরও বেশি বক্তা বক্তব্য রাখবেন। চার দিনের এই সম্মেলনে থাকছে ১৪টি কান্ট্রি ফোরাম ও ১৬টি সেশন। পৃথিবীর ৬৬টি দেশ থেকে ৭০০-এর বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী সম্মেলনে যোগ দিচ্ছেন।

মূল বক্তাদের মধ্যে থাকছেন নোবেল শান্তি পুরস্কার-জয়ী পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস অরতা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, নোবেল শান্তি পুরস্কার-জয়ী এবং নোবেল উইমেনস ইনিশিয়েটিভের সভাপতি জোডি উইলিয়ামস, জাতিসংঘের  আন্ডার-সেক্রেটারি জেনারেল নির্বাহী সম্পাদক আরমিডা সালসিয়াহ আলিসজাবানা, জেন গুডআল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত জেন গুডআল, ডিবিই-এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা, নোবেল শান্তি পুরস্কার-জয়ী মেইরিড ম্যাগুয়াইয়ার এবং নারায়ণ রূদয়ালয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা. দেবী শেঠি।

উল্লেখযোগ্য অন্য বক্তাদের মধ্যে আরও রয়েছেন মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট ভিনসেন্ট ফক্স কেসাদা, ব্রাজিলের প্রাক্তন পরিবেশমন্ত্রী মারিনা সিলভা, সমাজকর্মী ও অভিনেত্রী লিলি কোল, সমাজকর্মী ও অভিনেত্রী শ্যারন স্টোন, মাস্টার অব ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ড ব্যারোনেস ভ্যালেরি আমোস, ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির প্রেসিডেন্ট চিকিৎসাবিদ্যা ও সংক্রামক রোগের অধ্যাপক আদিবা কামারুলজামান, সিড গ্লোবাল হেলথের প্রতিষ্ঠাতা হার্ভার্ড মেডিকেল স্কুলের ড. ভ্যানেসা কেরি, ইউগ্লেনার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিৎসুরু ইজুমো, সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকের প্রধান নির্বাহী পিটার হলব্রুক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কেনিয়ার পল টেরগাট প্রমুখ।

সমাপনী বক্তব্য রাখবেন লেখিকা ও মানবাধিকার কর্মী মারিনা মাহাথির, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউমান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া জাং, থিংক-অস্ট্রিয়ার হেড অব স্ট্র্যাটেজি ইউনিট এবং ফেডারেল চ্যান্সেলরের বিশেষ উপদেষ্টা ড. অ্যান্টোনেলা মেই-পচলার, জাতিসংঘ এসডিজি অ্যাডভোকেট এবং হুইটেকার পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফরেস্ট হুইটেকার, এবং নোবেল শান্তি পুরস্কার ২০০৩ জয়ী শিরিন এবাদি।

প্রতি বছরই সামাজিক ব্যবসার বিভিন্ন যুগান্তকারী আইডিয়া নিয়ে আলোচনা করতে এবং এসব আইডিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সামাজিক ব্যবসা দিবসের আয়োজন করা হয়। প্লেনারি সেশনগুলোতে বিশেষজ্ঞরা সামাজিক ব্যবসার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময় করবেন।

এ বছরের বিষয়বস্তুর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, বেকারত্ব দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্দেশীয় সহযোগিতা, সামাজিক ব্যবসায়ে ক্রীড়ার ভূমিকা, থ্রি-জিরো ক্লাব এবং সামাজিক ব্যবসার ওপর একাডেমিক গবেষণা।

বরাবরের মতো সামাজিক ব্যবসা দিবস ২০২২ -এ অন্তর্ভুক্ত রয়েছে প্ল্যানারি সেশন, ওয়ার্কশপ ও কান্ট্রি ফোরাম যেখানে অংশগ্রহণকারীরা তাদের আইডিয়া, তথ্য ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময় করবেন। সম্মেলনের মূল ভাষা ইংরেজি হলেও কোনো কোনো সেশন বাংলা, স্প্যানিশ, জাপানি, চীনা, ফ্রেঞ্চ ও পর্তুগিজ ভাষায় আয়োজিত হবে; দেশ-ভিত্তিক ফোরামগুলোতে এই সেশনগুলো সমান্তরালে পরিচালিত হবে।