কুষ্টিয়ায় জন্ম থেকে দৃষ্টিহীন ও উচ্চশিক্ষিত সংগীতশিল্পী অঞ্জনা রানী হালদার কর্মসংস্থান ও বাসস্থানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে শ্রুতিলিপির মাধ্যমে নিজের জীবনালেখ্যের করুণ চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
কুষ্টিয়া পৌর এলাকার বিবিনন্দী সড়কে অর্পিত সরকারি জমির ওপর পরিত্যক্ত ঘরে বসবাসকারী শারীরিক প্রতিবন্ধকতার শিকার মান্দারি হালদার ও ফুলমালা হালদারের মেয়ে অঞ্জনা লিখিত বক্তব্যে বলেন, ‘জন্ম থেকেই অন্ধত্বের কাছে মাথানত না করে নানা ঘাতপ্রতিঘাত ও প্রতিকূলতা পেরিয়ে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছি। কুষ্টিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সর্বশেষ ইতিহাস বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করি ২০১৭ সালে। একই সঙ্গে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি থেকে চার বছর মেয়াদি সংগীত শিক্ষায় ডিপ্লোমা কোর্স সম্পন্ন করি। কিন্তু আমার ন্যূনতম জীবনধারণযোগ্য একটা কর্মসংস্থান এবং মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দুরবস্থা নিরসনের আবেদন করতে চাই।’
এ সময় অঞ্জনার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিবেশী রেহানা আহমেদ, অঞ্জনার মা ফুলমালা হালদার, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সভাপতি মজিবুল সেখসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।