টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া ঢাকার সাভার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার করা হয়েছে তরুণীসহ দুজনের লাশ। তাদের ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
টাঙ্গাইল : মধুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী, সতীন ও তার সন্তানসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শেফালি বেগম (৪৫) ওই গ্রামের গোলাপ হোসেনের স্ত্রী।
সাভার : সাভারে দুর্র্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৯) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর মাদ্রাসার রাস্তার সামনে ঢাকা-মৌলভীবাজার সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত জামাল মিয়া ওরফে জামু মিয়া (৫০) উপজেলার সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।